কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় সুপারি চুরিতে বাধা দেওয়ায় এক বাগান মালিককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হামলাকারী চিহ্নিত ডাকাত দেল্লার ভাই ইউসুফ বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, সম্প্রতি টেকনাফসহ আশপাশের এলাকাগুলোতে সুপারি চোরের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন বাগান থেকে সংঘবদ্ধ চোরচক্র সুপারি চুরি করে নিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উত্তর শিলখালী এলাকায় ইউসুফ এক বাগান থেকে চুরি করে সুপারি নিয়ে যাওয়ার সময় বাগানের মালিক তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং বাধা দেন।
এতে ক্ষিপ্ত হয়ে ইউসুফ সঙ্গে থাকা লোহার রড দিয়ে বাগান মালিককে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। রডের আঘাতে ওই বাগান মালিকের মাথা ফেটে রক্তক্ষরণ হয় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এলাকাবাসীর দাবি, অঞ্চলে সুপারি চোরদের দৌরাত্ম্য এতটাই বেড়ে গেছে যে তা এখন হিসাবের বাইরে। দিনে-দুপুরে কিংবা রাতের আঁধারে বাগানে ঢুকে তারা তান্ডব চালাচ্ছে। প্রতিবাদ করতে গেলেই অস্ত্র ও দেশীয় হাতিয়ার নিয়ে সাধারণ বাগান মালিকদের ওপর হামলা চালানো হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত ইউসুফসহ পুরো চক্রটিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী।
সুপারি চুরি রুখতে গিয়ে হামলার শিকার বাগান মালিক, অভিযুক্ত ডাকাত দেল্লার ভাই ইউসুফ
-
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন - আপডেট সময় : ০৪:০০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- 33
জনপ্রিয় সংবাদ




















