উচ্চশিক্ষার অঙ্গনে আরও এক অনন্য সাফল্য অর্জন করেছে দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। প্রতিষ্ঠানটির দুই কৃতি শিক্ষার্থী মাহবুবুর রহমান ফাহিম এবং মিসবাহ উদ্দিন তামিম সম্পূর্ণ অর্থায়নে ইন্দোনেশিয়ার দুটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ডিগ্রিতে অধ্যয়নের সুযোগ পেয়েছেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মাহবুবুর রহমান ফাহিম ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী ‘কেএইচ আহমাদ সিদ্দিক স্টেট ইসলামিক ইউনিভার্সিটি অফ জেমবার’ -এ ‘শরিয়াহ ব্যাংকিং’ বিষয়ে পড়ার সুযোগ পেয়েছেন। অন্যদিকে, মিসবাহ উদ্দিন তামিম সুযোগ পেয়েছেন খ্যাতনামা ‘ইউনিভার্সিটি অফ সিঙ্গাপারবাংসা কারাওয়াং’ -এর অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ‘আন্তর্জাতিক সম্পর্ক’ বিভাগে।
এই গৌরবময় অর্জনে প্রতিক্রিয়া জানিয়ে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ।
ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি অর্জিত জ্ঞানকে দেশ ও উম্মাহর কল্যাণে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন তারা।
দুই শিক্ষার্থীর এই অর্জনে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মাদরাসা কর্তৃপক্ষ তাদের শুভকামনা জানিয়ে বলেন, তাদের এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের বিকশিত করার দারুণ অনুপ্রেরণা জোগাবে। তারা শিক্ষার্থীদের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
স্টাফ রিপোর্টার 



















