গাজীপুরের কালিয়াকৈরে বন্ধুদের সাথে মাদক সেবনকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে আকাশ মিয়া (২২) নামে রাজধানী পরিবহনের এক বাসের হেলপার নিহত হয়েছেন। রোববার ভোররাত ৩টার দিকে উপজেলার ট্রাকস্ট্যান্ড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আকাশ মিয়া নওগাঁর বদলগাছী উপজেলার আটাপাড়া পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে। তিনি কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থেকে রাজধানী পরিবহনের বাসে হেলপারের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোররাতে ট্রাকস্ট্যান্ড এলাকায় মাদক সেবনকে কেন্দ্র করে চার বন্ধুর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। কথার কাটাকাটির একপর্যায়ে এক বন্ধু আকাশকে লক্ষ্য করে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হলে সাথে থাকা অন্য তিন বন্ধু দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ আশঙ্কাজনক অবস্থায় আকাশকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর এসআই তোফায়েল আহমেদের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে
স্টাফ রিপোর্টার 



















