কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় এক নারীকে ইভটিজিং (উত্ত্যক্ত) করার প্রতিবাদ করায় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ হোছাইনকে দা ও কিরিস দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যার চেষ্টা চালানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর শিলখালী এলাকায় এক নারীকে উত্ত্যক্ত করার ঘটনায় প্রতিবাদ জানান বিএনপি নেতা মোহাম্মদ হোছাইন। এর জেরে মীর আহমেদের ছেলে রাহামত উল্লাহ, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ‘কালো বলি’, তার ছেলে এবং তাদের সঙ্গীরা অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে মোহাম্মদ হোছাইনের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো দা ও কিরিস দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত রাহামত উল্লাহ, কালো বলি ও তাদের সিন্ডিকেট এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। সামান্য কোনো বিষয় নিয়ে কথা-কাটাকাটি হলেই তারা প্রকাশ্যে দেশীয় অস্ত্র ও দা নিয়ে মানুষের ওপর হামলা চালায়। তাদের এই অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয় সাধারণ মানুষ।
এই নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাহারছড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রকাশ্যে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে অপরাধীরা বহাল তবিয়তে ঘুরে বেড়ানোয় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী ও সচেতন মহল অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। ঘটনার মূল হোতা রাহামত উল্লাহ, কালো বলি এবং তাদের সহযোগীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন 



















