বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে বাগেরহাটের রামপালে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬’ উদযাপিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উদযাপন কমিটি’র বাস্তবায়নে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস তালুকদার, রামপাল থানার সেকেন্ড অফিসার উত্তম কুমার এবং রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ।
এ ছাড়া আলোচনা সভায় উপজেলার বিভিন্ন এলাকার জেলে, মৎস্যচাষি ও মৎস্যজীবী প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, মৎস্য অধিদপ্তর জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে অধিদপ্তরের পক্ষ থেকে শ্লোগান ও লোগোসহ বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমের নির্দেশনাও প্রকাশ করা হয়েছে।
আরিফ হাসান গজনবী রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: 



















