টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ধনবাড়ী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, জলাশয় রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ মাছ উৎপাদনে সবাইকে আরও সচেতন হতে হবে।
বক্তারা আধুনিক ও বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছ চাষ সম্প্রসারণের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ রক্ষায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তরুণদের মৎস্য চাষে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে মৎস্য চাষ ও উৎপাদনে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় স্থানীয় মৎস্যচাষি, মৎস্যজীবী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিতে এ খাতের অবদান আরও বাড়বে। জাতীয় মৎস্য পক্ষের এ আয়োজন স্থানীয় মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
সুজন কুমার দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি 



















