নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে মাদক ও চোলাই মদের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) শেষ বিকেলে পোরশা থানাধীন মশিদপুর ইউনিয়নের দেশিপাড়া গ্রামে এ সভার আয়োজন করে পোরশা থানা পুলিশ।
নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পোরশা থানার সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রমটি পরিচালিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জিয়াউর রহমান। এতে অন্যান্যের মধ্যে সংশ্লিষ্ট বিট অফিসার এসআই শিপন মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পোরশা থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকের মূল আলোচনা ও বার্তা:
চোলাই মদের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি: সভার মূল আলোচনায় দেশি তৈরি চোলাই মদ ও তাড়ি পুরোপুরি পরিহার করার আহ্বান জানানো হয়। বক্তারা সতর্ক করে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক দিয়ে তৈরি এসব বিষাক্ত মদ পানে অকাল মৃত্যু ও অঙ্গহানির মতো ভয়াবহ পরিণতি হতে পারে।
আইনগত ব্যবস্থা ও সামাজিক দায়বদ্ধতা: বৈঠকে মাদকের কুফল, মাদক কারাবারিদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান এবং সমাজ থেকে মাদক নির্মূলে পরিবারের ভূমিকার কথা জোর দিয়ে তুলে ধরা হয়।
যৌথ অঙ্গীকার: পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টা ছাড়া মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয় উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
পোরশা থানা পুলিশ জানায়, একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে আইনগত অভিযানের পাশাপাশি এ ধরনের সচেতনতামূলক উঠান বৈঠক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে পুলিশের মাদকবিরোধী উঠান বৈঠক
-
মোঃ আরিফুল হক সাহিন, পোরশা (নওগাঁ) প্রতিনিধি - আপডেট সময় : ০৫:১৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- 31
জনপ্রিয় সংবাদ




















