মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমাসদৃশ একটি বস্তু বিস্ফোরণে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা, মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসার পাশের ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ বিকট শব্দে বোমাসদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
আহতদের মধ্যে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) রয়েছে। তাদের কয়েকজনকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে মাদারীপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পঞ্চম শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে এলাকায় উদ্বেগ তৈরি হয়। খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
বাড়ির মালিক ইমন সরদার বলেন, তাঁর বাড়ির সামনে কীভাবে ওই বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে কয়েকজন শিক্ষার্থীকে আহত অবস্থায় দেখতে পান।
গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, সকালে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার পাশের বিস্ফোরণে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি জানতে পারেন।
কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, মাদ্রাসার কাছে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী ধরনের বস্তু বিস্ফোরিত হয়েছে এবং সেটির উৎস কী—তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরিত বস্তুটি আসলে কী ছিল, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও বস্তুটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ
মোঃ আতিকুল ইসলাম | স্টাফ রিপোর্টার 



















