টেকনাফের শীলখালী চেকপোস্টে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ১৬ হাজার পিস ইয়াবাসহ মো. ইসমাইল (৩৩) নামে এক গাড়িচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১২ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শীলখালী চেকপোস্টে অভিযান চালিয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এই মাদক জব্দ করে।
আটককৃত ইসমাইল টেকনাফ থানাধীন ছোট হাবিরপাড়া গ্রামের নুরুল বশরের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান প্রাইভেটকারযোগে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া হবে। খবর পেয়ে ৬৪ বিজিবির আওতাধীন শীলখালী চেকপোস্টে টহল জোরদার করা হয়। নির্দিষ্ট সময়ে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি শুরু করেন।
প্রাথমিক তল্লাশিতে কিছু না পাওয়া গেলেও পরবর্তীতে গভীর তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনে থাকা সিএনজি/এলপিজি সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই চালক ইসমাইলকে আটক এবং মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) একজন দায়িত্বরত কর্মকর্তা জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত প্রাইভেটকারসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
টেকনাফে গাড়ির সিলিন্ডারে লুকিয়ে ইয়াবা পাচার: ১৬ হাজার পিসসহ চালক আটক
-
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন - আপডেট সময় : ০৯:৩২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- 15
জনপ্রিয় সংবাদ




















