কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ কামরুজ্জামান (কামরুল) যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় সম্পৃক্ত করতে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। নিজ ব্যক্তিগত অর্থায়নে তিনি ইউনিয়নের ০৬ ও ০৭ নং ওয়ার্ডের যুবকদের হাতে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দিয়েছেন।
“মাদককে না বলুন, খেলাধুলাকে ভালোবাসুন”—এই স্লোগানকে সামনে রেখে চেয়ারম্যানের এমন জনহিতকর ও ক্রীড়াবান্ধব উদ্যোগ স্থানীয় যুবসমাজ ও সচেতন মহলে ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে। যুবসমাজকে রক্ষা করতে মাঠমুখী করার এই আয়োজনে এলাকার তরুণ ও যুবকদের মাঝে আনন্দের বন্যা বইয়ে যায়। ক্রীড়া সামগ্রী হাতে পেয়ে তরুণরা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
উদ্যোগটির বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান (কামরুল) বলেন, “মাদক আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। আমাদের তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে, তবেই একটি মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব। তিলাই ইউনিয়নের যুবসমাজকে ভালো ও সঠিক পথে রাখতে আমি সর্বদা তাদের পাশে আছি।”
বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তিলাই ইউনিয়ন পরিষদের সচিব, সংশ্লিষ্ট ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং তিলাই ইউনিয়নের প্রান্ত থেকে আসা উৎসাহী তরুণ ও যুবসমাজ। ইউনিয়ন পরিষদ এর সামনে দাঁড়িয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে যুবকদের হাতে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার 



















