দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পিরোজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) উন্নয়নকাজ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আইনি জটিলতা নিরসনের মাধ্যমে দ্রুত নতুন টেন্ডার প্রক্রিয়া শুরু করে বন্ধ থাকা উন্নয়নকাজগুলো সচল করার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের হস্তক্ষেপে এ উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ লক্ষ্যে আজ একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা উন্নয়ন প্রকল্পগুলোর আইনি জটিলতা নিরসন এবং পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নতুন টেন্ডারের মাধ্যমে উন্নয়নকাজগুলো পুনরায় শুরু করার বিষয়ে সিদ্ধান্ত ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে বিভিন্ন প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছিলেন। ফলে আইনি জটিলতা নিরসন করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নতুন করে টেন্ডারের মাধ্যমে কাজগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে পিরোজপুরের বিভিন্ন এলাকায় সড়ক, অবকাঠামোসহ LGED-এর আওতাধীন উন্নয়ন কার্যক্রমের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
পিরোজপুরবাসীর স্বার্থে দ্রুততার সঙ্গে বন্ধ থাকা প্রকল্পগুলো পুনরায় চালু করা গেলে জেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মোঃ মেহেদী হাসান সাদ্দাম মঠবাড়িয়া পিরোজপুর 



















