ব্রাহ্মণবাড়িয়ায় এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে জেলা শহরের পাওয়ার হাউস রোড এলাকার একটি চারতলা ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোহাম্মদ আনিসুর রহমান (১৩) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়ার ছেলে। তারা বর্তমানে ওই চারতলা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করছিলো।
পুলিশ ও পরিবারেরর লাকজন জানায় পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কয়েক মাস আগে আনিসুর রহমানের এক চাচা খুন হন। ওই হত্যা মামলায় আনিসুরের বাবা আলকাছ মিয়া আসামি হওয়ায় তারা পরিবার নিয়ে শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
শুক্রবার রাতে ভবনের নিচতলার সিঁড়ির পাশে আনিসুরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, এ ঘটনার পেছনে আনিসুরের চাচাতো ভাইদের হাত থাকতে পারে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা জানান, প্রাথমিক ভাবে এটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে নিছক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জালাল উদ্দিন রুমি 



















