লোহাগাড়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের মাথার ওপর আবার নিরাপদে মাথা গোঁজার ঠাঁই করে দিতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’।
সংগঠনটির নিয়মিত মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে আজ উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ৬০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউ টিন বিতরণ করা হয়। বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পুনর্বাসনে এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
ঢেউটিন বিতরণ কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় সংগঠনের শীর্ষ প্রতিনিধি জনাব জাহেদ চৌধুরী উপস্থিত থেকে বিতরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সংগঠনটির অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী পরিবারসমূহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনাব জাহেদ চৌধুরী বলেন, “লোহাগাড়া সোশ্যাল সোসাইটি কেবল বন্যা কিংবা যেকোনো দুর্যোগকালীন মুহূর্তেই অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, বরং সমাজের সর্বস্তরের সুবিধাবঞ্চিত মানুষের দুঃসময়ে ছায়া হয়ে থাকার চেষ্টা করে। আমাদের এই ধারা অব্যাহত থাকবে।”
তিনি আরও উল্লেখ করেন, সমাজে বহু পরিবার রয়েছে যারা চরম অর্থসংকটে ভুগে মেয়ের বিয়ে দিতে পারছে না, অনেকে অর্থের অভাবে বাসস্থান সংস্কার বা নতুন ঘর নির্মাণে ব্যর্থ হচ্ছে, আবার অনেকে মারাত্মক অসুস্থতা সত্ত্বেও অর্থাভাবে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করতে পারছেন না। এসব মানবিক সংকট নিরসনে লোহাগাড়া সোশ্যাল সোসাইটি সার্বিকভাবে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
উপকারভোগীরা ঢেউটিন পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন এবং সংগঠনটির সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। সামাজিক সম্প্রীতি রক্ষা এবং অসহায় মানুষের কল্যাণে লোহাগাড়া সোশ্যাল সোসাইটি ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে তাদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলো ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’
-
লোহাগাড়া প্রতিনিধি মোহাম্মদ ইয়াছিন - আপডেট সময় : ০২:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- 55
জনপ্রিয় সংবাদ




















