টাঙ্গাইলে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় জোটের টাঙ্গাইল জেলা শাখা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান শেষে নেতারা বলেন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তারা দ্রুত বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
নেতারা আরও বলেন, জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে জনগণের মধ্যে অসন্তোষ আরও বৃদ্ধি পাবে। বিদ্যুৎ ও গ্যাসের মূল্য কমাতে সরকার ব্যর্থ হলে জনগণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজপথে নামতে বাধ্য হবে বলেও তারা মন্তব্য করেন।
স্মারকলিপি প্রদানকালে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টাস ধনবাড়ী / টাঙ্গাইল 



















