শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় ভোলায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ভোলা গজনবী স্টেডিয়াম প্রাঙ্গণে জুলাই জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি।
প্রথমে জেলা প্রশাসক ডা. শামীম রহমানের নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসারের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর পর্যায়ক্রমে শহীদ পরিবারের সদস্যরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে এ আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।
তারা জুলাইয়ের আত্মত্যাগ ও আদর্শকে ধারণ করে উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও মোনাজাতের আয়োজন করা হয়। পাশাপাশি জেলা সরকারি গণগ্রন্থাগার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
মোঃ মহিম ভোলা জেলা প্রতিনিধি 



















