জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, ভেড়ামারা, কুষ্টিয়ার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও ইতিহাস নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীরা দেশপ্রেম, স্বাধীনতার চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নতুন প্রজন্মের দায়িত্ববোধকে সৃজনশীলভাবে উপস্থাপন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আমিরুল আরাফাত, উপজেলা নির্বাহী অফিসার, ভেড়ামারা, কুষ্টিয়া। তিনি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় মূল্যবোধ সম্পর্কে সচেতন হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফারুক আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ভেড়ামারা, কুষ্টিয়া। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি সাংস্কৃতিক ও সাহিত্যচর্চা শিক্ষার্থীদের মননশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ লোকমান হোসেন, প্রধান শিক্ষক, সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়। সভাপতির বক্তব্যে তিনি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচেতনা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত হয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি দেশাত্মবোধ, ইতিহাসচেতনা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে এবং উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে
সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উদযাপন
-
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল - আপডেট সময় : ০৯:৪৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- 60
জনপ্রিয় সংবাদ




















