ময়মনসিংহের ত্রিশালে পৌরসভার উদ্যোগে নবনির্মিত একটি যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ফিতা কেটে এ যাত্রী ছাউনির উদ্বোধন করেন ত্রিশাল পৌরসভার প্রশাসক আরাফাত সিদ্দিকী।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান, ত্রিশাল পৌরসভার প্রকৌশলী, পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।
উদ্বোধন শেষে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্যে পৌর প্রশাসক আরাফাত সিদ্দিকী বলেন, ত্রিশাল পৌরসভা সবসময় নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম ত্রিশাল বাসস্ট্যান্ডে যাত্রীদের অপেক্ষার সময় স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে অবস্থানের সুযোগ করে দিতেই এ যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রস্তাবিত ‘নজরুল সিটি’ গড়ে তোলার লক্ষ্যে ত্রিশাল পৌরসভার সার্বিক উন্নয়নে একটি মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। এ পরিকল্পনায় পৌর এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বাসস্ট্যান্ড থেকে পোড়াবাড়ি সড়ককে দুই লেনে উন্নীতকরণ, ডিভাইডার ও নান্দনিক সড়কবাতি স্থাপন, সুতিয়া ব্রিজের ধারণক্ষমতা বৃদ্ধি, সুতিয়া নদীর দুই তীর সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন, শিশুপার্ক ও উদ্যান নির্মাণ, আধুনিক কিচেন মার্কেট, স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র এবং সেন্ট্রাল ওয়াটার রিজার্ভার ট্যাংক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, “ত্রিশালকে একটি বাসযোগ্য, আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপ দিতে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও সুধীজনের জন্য মিষ্টিমুখের আয়োজন করা হয়।
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ,এম.এ.এইচ রাকিবুল ইসলাম 



















