নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী বারমারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭শে জুলাই) দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, “ইভটিজিং কোনোভাবেই বরদাশত করা হবে না। কেউ ইভটিজিংয়ের শিকার হলে প্রথমে শিক্ষককে জানাবে। যদি বিচার না পাও, তাহলে দলবদ্ধভাবে সাহসের সঙ্গে প্রতিবাদ করবে। যে সাহসিকতার সঙ্গে ইভটিজারের বিরুদ্ধে দাঁড়াতে পারবে এবং ইভটিজারকে জুতা পেটা করে আসতে তাকে আমি ব্যক্তিগতভাবে এক হাজার টাকা পুরস্কার দেব।”
তিনি আরও বলেন, ইভটিজারদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাজ থেকে এ ধরনের অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মেয়েদের ১৮ বছরের আগে এবং ছেলেদের ২১ বছরের আগে কোনোভাবেই বিয়ে করা উচিত নয়। বাল্যবিয়ে শুধু আইনত দণ্ডনীয় অপরাধ নয়, এটি একটি সামাজিক অভিশাপ।” এ বিষয়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মাদকের ভয়াবহতা সম্পর্কে তিনি বলেন, “মাদক একটি সুন্দর জীবন, একটি পরিবার ও একটি সমাজকে ধ্বংস করে দেয়। তাই আজকের শিক্ষার্থীদেরই মাদকবিরোধী আন্দোলনের অগ্রভাগে থেকে সচেতনতা গড়ে তুলতে হবে। সকলেই একযোগে প্রতিবাদ গড়ে তুললে, সমাজে মাদক আর বাসা বাঁধতে পারবে না।
পুলিশ সুপার আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকের অপ্রয়োজনীয় ব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার ও ফেসবুকে আসক্তি পড়াশোনা, মানসিক বিকাশ এবং সামাজিক মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে মোবাইল ফোন ও ফেসবুকের অপব্যবহার থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারমারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মশিরউর রহমান । এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, ২নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সহকারী শিক্ষক মোজাম্মেল হক, শুভলচন্দ্র সরকার, এনামুল হক, অঞ্জলি ঘাগ্রা এবং বারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম।
মোঃ বদরুল আলম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি। 



















