ছাতক পৌরসভার বাজনামহল এলাকায় অটোরিকশায় যাত্রী ওঠানো ও ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাধারণ মানুষ ও পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে পুলিশ দ্রু’ত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ছাতক–দোয়ারাবাজার সুরমা সেতুর পূর্বপাড় এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, অটোরিকশা চালক হেলাল মিয়া (৪৫)-এর গাড়িতে বারকাপনগামী যাত্রী হিসেবে লিজন মিয়া (৩৫) ও হুসাইন মিয়া (৩২) ওঠেন। চালক আরও কয়েকজন যাত্রী হলে গাড়ি ছাড়বেন বলে জানালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাজনামহল ও বারকাপন এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।সংবাদ পেয়ে ছাতক থানার মোবাইল টিম-২ এবং ওসি (তদন্ত) ঝলক মহন্তের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় মাহিন মিয়া (১৩) ও মামুন মিয়া (২৫) আহত হন। এছাড়া দায়িত্ব পালনকালে পাথরের আঘাতে কনস্টেবল মো. রুবেল খাঁ ও কনস্টেবল মো. ইউনুছ আলী আহত হন। তারা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। স্থানীয় সূত্রের দাবি, উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন।পুলিশ জানায়, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে।
ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি: 



















