নওগাঁর পোরশায় নোচনাহার টু শিশা আঞ্চলিক সড়কে হাতি ব্যবহার করে অবাধে চাঁদাবাজি ও পথচারীদের হয়রানির অভিযোগ উঠেছে। প্রতিনিয়ত এই সড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে টাকা আদায় করা হচ্ছে, যার ফলে চরম ভোগান্তি ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও চালকেরা।
আজ সোমবার (২৭ জুলাই, ২০২৬) সরেজমিনে নোচনাহার থেকে শিশা অভিমুখী সড়কে দেখা যায়, মাহুত হাতি নিয়ে সড়কের ঠিক মাঝখানে অবস্থান নিয়েছেন। সিএনজি, অটোরাইডার, মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন থামিয়ে জোরপূর্বক টাকা দাবি করা হচ্ছে। টাকা না দেওয়া পর্যন্ত হাতি দিয়ে পথ আটকে রাখা হচ্ছে। কিছু ক্ষেত্রে টাকা দিতে দেরি হলে হাতিকে দিয়ে ভীতি প্রদর্শন ও পথচারীদের হয়রানি করার চিত্রও চোখে পড়ে।
স্থানীয় পথচারী ও যানবাহন চালকদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন এই ব্যস্ততম সড়কে দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষ চলাচল করেন। মাহুত ও তার সহযোগীরা হাতিকে ঢাল বানিয়ে একপ্রকার পকেটে টান মারছেন। এতে করে সাধারণ মানুষ যেমন অর্থ হারাচ্ছেন, তেমনি সড়কে কৃত্রিম যানজট তৈরি হয়ে যাতায়াতে মারাত্মক ব্যাঘাত ঘটছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কয়েকজন ভুক্তভোগী জানান, “আমরা জরুরি কাজে বের হয়েও এমন সড়ক চাঁদাবাজির মুখে পড়ছি। হাতি দিয়ে ভয় দেখালে বাধ্য হয়েই সবাইকে টাকা দিতে হয়। স্থানীয় প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, দ্রুত এই হাতি দিয়ে চাঁদাবাজি বন্ধ করে সড়কে নিরাপত্তা নিশ্চিত করা হোক।”
সচেতন মহলের মতে, বন্যপ্রাণীকে এভাবে জনদুর্ভোগের হাতিয়ার বানানো এবং সড়কে অবৈধ চাঁদাবাজি আইনত অপরাধ। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।
নওগাঁর পোরশায় হাতি দিয়ে চাঁদাবাজি ও পথচারীদের হয়রানি, অতিষ্ঠ এলাকাবাসী
-
মোঃ আরিফুল হক সাহিন স্টাফ রিপোর্টার পোরশা (নওগাঁ): - আপডেট সময় : ০৬:০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- 39
জনপ্রিয় সংবাদ




















