দীর্ঘ প্রতিক্ষা ও নানা রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লালমনিরহাট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত
হয়েছেন বর্ষীয়ান নেতা এ কে এম মমিনুল হক। তৃণমূল পর্যায় থেকে দলকে পুনরুজ্জীবিত, গতিশীল ও সুসংগঠিত করার অঙ্গীকার নিয়ে তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্বে স্থলাভিষিক্ত হলেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
মমিনুল হকের এই পদায়নের খবর ছড়িয়ে পড়ার পরপরই জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাকে মিষ্টি মুখ করিয়ে ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। সাধারণ নেতা-কর্মীদের আশা, তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও রাজনৈতিক অভিজ্ঞতায় লালমনিরহাট জেলা বিএনপি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে।
সংগঠনের এই নতুন পথচলায় দলের অভ্যন্তরে সর্বাত্মক সহযোগিতা ও সুদৃঢ় দিকনির্দেশনার জন্য লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, এম.পি-র প্রতি গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন দলীয় নেতৃবৃন্দ।
দায়িত্বভার গ্রহণের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক বলেন:
”প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং আমার রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা আমি আমার সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠা দিয়ে রক্ষা করব। লালমনিরহাট জেলা বিএনপিকে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে পাশে থাকাই হবে আমার প্রথম ও প্রধান কাজ। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের প্রতিটি ত্যাগী ও পরিচ্ছন্ন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে আমরা এক শক্তিশালী বিএনপি গড়ে তুলব। দায়িত্ব সততার সঙ্গে পালনে আমি সর্বস্তরের নেতা-কর্মী ও লালমনিরহাটবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
উল্লেখ্য, এ কে এম মমিনুল হক ছাত্ররাজনীতি থেকে উঠে আসা একজন পরীক্ষিত নেতা। ছাত্রদল ও যুবদলের দায়িত্ব পালনকালীন স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জীবনের নানা চড়াই-উৎরাই, জেল-জুলুম ও নির্যাতন উপেক্ষা করে রাজপথে সক্রিয় থাকার মাধ্যমেই তিনি আজকের এই সম্মানে ভূষিত হলেন।
তাঁর এই নতুন দায়িত্বে জেলা বিএনপির রাজনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলে আশা ব্যক্ত করেছেন স্থানীয় নেতারা। একই সঙ্গে দোয়ার মাধ্যমে তাঁর সুস্থতা ও রাজনৈতিক সফলতা কামনা করা হয়।
মো: হারুন অর রশীদ// লালমনিরহাট 



















