গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি মাহমুদুল হাছান (৩৮)কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা।
শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশা বাইপাস সংলগ্ন বাবুল মিয়ার মুদি দোকানের দক্ষিণ পাশে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় যানবাহন তল্লাশিকালে মাহমুদুল হাছানকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২,০০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো চারটি পৃথক পলিপ্যাকেটে রাখা ছিল। প্রতিটি প্যাকেটে ৫০০ পিস করে মোট ২,০০০ পিস ইয়াবা ছিল, যার ওজন প্রায় ২০০ গ্রাম। জব্দকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৮ লাখ টাকা।
এ ছাড়া অভিযানে একটি Realme C85 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি Symphony BL125 বাটন ফোন, মাদক বিক্রির ১,৫০০ টাকা নগদ অর্থ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-হ ৬২-০০৩৩ নম্বরের Hero Passion XPro Red মোটরসাইকেল জব্দ করা হয়। নগদ অর্থ বাদে জব্দকৃত আলামতের মোট আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।
গ্রেপ্তারকৃত মাহমুদুল হাছান (৩৮) সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদাণী ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আমির উদ্দিন ও মৃত রমিজা খাতুনের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে মাদক নির্মূলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, “মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি।”
কেন্দুয়া প্রতিনিধি:মেহেদী হাসান খোকা 



















