নওগাঁর বদলগাছীতে স্বামীকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন স্ত্রী। শেষ পর্যন্ত স্বামীও পানিতে ডুবে মারা যান। মর্মান্তিক এ ঘটনায় নবদম্পতির করুণ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা।
নিহতরা হলেন—বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের শামীম হোসেনের মেয়ে সুমাইয়া (১৬) এবং মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নুর ইসলাম (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয়-সাত মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর প্রথমবারের মতো গত ২৫ জুলাই স্ত্রী সুমাইয়াকে নিয়ে শ্বশুরবাড়ি কার্তিকাহার গ্রামে বেড়াতে আসেন নুর ইসলাম।
রোববার (২৬ জুলাই) দুপুরে সুমাইয়ার বাড়ির পাশের একটি খাড়িতে কয়েকজন কিশোরকে গোসল করতে দেখে নুর ইসলামও পানিতে নামেন। একপর্যায়ে তিনি খাড়ির গভীর পানিতে তলিয়ে যান। স্বামীকে ডুবে যেতে দেখে সুমাইয়া তাকে উদ্ধারের জন্য কোনো কিছু না ভেবেই পানিতে ঝাঁপ দেন। কিন্তু গভীর পানিতে তিনিও তলিয়ে যান।
পরে আশপাশের লোকজন দ্রুত পানিতে নেমে তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর নুর ইসলাম ও সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।
নবদম্পতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। হাসপাতাল চত্বরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। মাত্র কয়েক মাসের সংসার জীবনের পর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে পড়েছে।
খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ফিরোজ আহম্মেদ, নওগাঁ প্রতিনিধি: 



















