দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর অবশেষে বগুড়াকে কেন্দ্র করে নতুন প্রশাসনিক বিভাগ ঘোষণার সম্ভাবনা জোরালো হয়েছে। বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা ও সিরাজগঞ্জ—এই পাঁচটি জেলা নিয়ে গঠিত হতে পারে নতুন বগুড়া বিভাগ। বিষয়টি নিয়ে উত্তরাঞ্চলজুড়ে নতুন করে আশাবাদ ও আলোচনা শুরু হয়েছে।
শনিবার বগুড়ায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার বক্তব্যে বগুড়া বিভাগ গঠনের সম্ভাবনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “বগুড়া ছাড়া বাকি চার জেলার এমপিরা বগুড়াকে বিভাগ হিসেবে সমর্থন জানিয়েছেন। বগুড়াবাসীর দীর্ঘদিনের এই দাবি প্রধানমন্ত্রীর কাছে মেনে নেওয়া খুব একটা কঠিন হবে না বলে আমি মনে করি।”
তার এ বক্তব্যের পর থেকেই বগুড়া বিভাগ গঠনের বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং স্থানীয় জনগণের প্রত্যাশা আরও জোরালো হয়ে ওঠে।
বগুড়া দীর্ঘদিন ধরেই উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক, শিক্ষা, বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। সংশ্লিষ্টদের মতে, নতুন বিভাগ বাস্তবায়িত হলে সরকারি সেবার বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
আলোচনায় থাকা সম্ভাব্য জেলার মধ্যে রয়েছে বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা ও সিরাজগঞ্জ। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি জানিয়ে আসছেন।
তবে এ বিষয়ে এখনো সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন বা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হয়নি। ফলে বগুড়া বিভাগ গঠনের বিষয়টি এখনো সম্ভাবনা ও আলোচনার পর্যায়েই রয়েছে। সরকারি সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণার পরই এ বিষয়ে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।
শাকিল আহম্মেদ, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ 



















