চট্টগ্রামের ফটিকছড়ি
চট্টগ্রাম-খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক পাহাড়ি ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত মো. জসিম (৩৫)-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় মো. জসিমকে একমাত্র আসামি করা হয়েছে।
উল্লেখ্য যে ২৪ শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে ওঠেন সমাজতত্ত্ব বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, বাসে এক ব্যক্তি তার শ্লীলতাহানির চেষ্টা করেন। শিক্ষার্থী প্রতিবাদ করলে তাকে হাটহাজারীতে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। পরে অভিযুক্ত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাযোগে ফটিকছড়িতে গিয়ে বাসটির গতিরোধ করে ওই শিক্ষার্থীকে চুলের মুঠি ধরে বাস থেকে নামানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থী ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে এবং অভিযুক্ত মো. জসিমকে গ্রেপ্তার করে।
ফটিকছড়ি প্রতিনিধি 



















