বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইনসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. আইনুর ইসলাম (৪৮), লক্ষ্মীপুর; মো. রাজু ফকির (২৮), মহাস্থান নামাপাড়া; মো. খোকন মিয়া (৩৫), লক্ষ্মীপুর; মো. মনারুল ইসলাম (৪০), মহিমাগঞ্জ, গাইবান্ধা; মো. মামুন মিয়া (৪০), রামচন্দ্রপুর; এবং মো. মাহফুজার রহমান (৫২), লক্ষ্মীপুর, শিবগঞ্জ।
জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ৩০০ গ্রাম গাঁজা, ৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে।
শাকিল আহম্মেদ | মোকামতলা (বগুড়া): 



















