বগুড়া-২ (শিবগঞ্জ–মোকামতলা) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফুল ইসলাম জিন্নাহ অসুস্থ হয়ে পড়েছেন। বগুড়া জেলা কারাগারে আটক অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার প্রত্যাশিত উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। এ কারণে বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাঁকে ঢাকায় একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, সাবেক এমপি শরীফুল ইসলাম জিন্নাহর অসুস্থতার খবরে তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় বিভিন্ন মহল থেকে দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে।
সাবেক এমপির কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার তাসবীর শরীফ সাম্য পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীর কাছে তাঁর পিতার দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনায় আন্তরিক দোয়া চেয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, সকলের দোয়া ও মহান আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন—এমন প্রত্যাশাই তাঁদের।
শাকিল আহম্মেদ, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ 



















