চট্টগ্রামের পটিয়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইল ফোনে বিভিন্ন জুয়ার অ্যাপ, একাধিক জুয়ার আইডি ও পাসওয়ার্ড পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে পটিয়া থানাধীন ১৬ নম্বর কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর ওস্তাদপাড়া এলাকায় একটি মুদির দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমার তত্ত্বাবধানে এসআই (নিঃ) ক্য লাহ্ চিং মারমা ও এএসআই (নিঃ) মো. শামীম ভূঁইয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. ওসমান গণি (২৮)। অভিযানের সময় তিনি মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপের মাধ্যমে জুয়া পরিচালনা করছিলেন বলে দাবি পুলিশের। এ সময় তার সঙ্গে থাকা আরও ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশের ভাষ্য, সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ওসমান গণির কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে মোবাইলগুলোতে বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপ, একাধিক ব্যবহারকারী আইডি ও পাসওয়ার্ড পাওয়া গেছে। এসব তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ব্যবহৃত হবে।
এ ঘটনায় পটিয়া থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৩১, তারিখ ২৪ জুলাই ২০২৬। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অনলাইন জুয়া, সাইবার অপরাধ এবং আইনশৃঙ্খলা পরিপন্থী সব ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।
চট্টগ্রাম জেলা পুলিশ সাধারণ মানুষকে এ ধরনের অপরাধ সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর আহ্বান জানিয়েছে।
পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 



















