কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাককাটি বাজারে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে একটি রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে নাককাটি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাজারের একটি রেস্টুরেন্টে গিয়ে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এবং পরিবেশন করতে দেখা যায়। এছাড়া ভোক্তাদের জন্য রেস্টুরেন্টে কোনো পণ্যের মূল্য তালিকা টাঙানো বা প্রদর্শন করা হয়নি। অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা (অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন) এবং ৩৮ ধারা (পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা) অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৮,০০০/- (আট হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে রেস্টুরেন্টের রান্নাঘর ও সার্বিক পরিবেশ ঘুরে দেখা হয়। এ সময় অন্যান্য ব্যবসায়ীদেরও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত-পরিবেশন, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙানো এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ রেজাউল ইসলাম স্টাফ রিপোর্টার 



















