টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধনবাড়ী–কয়ড়া সড়কের বন্ধ টাকুরিয়া থেকে চায়ইন্দার লোড় পর্যন্ত অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙনের কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক এবং যাত্রীসাধারণকে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে পানি জমে যায়। ফলে গর্তগুলো চোখে না পড়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যানচালকদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে, যার কারণে অনেক সময় বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হন এলাকাবাসী।
এ সড়কটি ধনবাড়ী উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হওয়ায় প্রতিদিন শত শত মানুষ এই পথ ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে স্বাভাবিক চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতও ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কারের দাবি জানিয়ে বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে বন্ধ টাকুরিয়া থেকে চায়ইন্দার লোড় পর্যন্ত সড়কটি সংস্কার করা হলে জনদুর্ভোগ কমবে এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে।
স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
সুজন রবি দাস *ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















