সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর গেটসংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের বিশেষ অভিযানে একটি ল্যান্ড ক্রুজার জিপ থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল ওবায়দুল হাসান (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (২৩ জুলাই ২০২৬) রাত পৌনে ৯টার দিকে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি ল্যান্ড ক্রুজার (ঢাকা মেট্রো-ঘ-২১-৩২২৩) থামিয়ে তল্লাশি করলে গাড়ির ভেতর থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালিত হয়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে। অভিযানে ইয়াবাবোঝাই ল্যান্ড ক্রুজারটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত ওবায়দুল হাসান বগুড়া সদর উপজেলার বাগুপাড়া মন্ডল বাড়ির বাসিন্দা। তিনি সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কক্সবাজারে ল্যান্ড ক্রুজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা সহ সাবেক সেনাসদস্য গ্রেফতার
-
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ - আপডেট সময় : ০৬:০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- 33
জনপ্রিয় সংবাদ




















