রাজশাহীর তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাতাসপুর গ্রামের একমাত্র কাঁচা রাস্তাটির বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় একাকার হয়ে যায়। ফলে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, বাতাসপুর গ্রাম থেকে কামারগাঁ বাজার ও ইউনিয়ন পরিষদে যাওয়ার জন্য এই রাস্তাটিই একমাত্র ভরসা। কিন্তু বর্ষা মৌসুম এলেই রাস্তার অবস্থা এতটাই খারাপ হয় যে পায়ে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদা-পানিতে ভরে যায়।
গ্রামের কয়েকজন অভিভাবক বলেন, এই কাদার মধ্যে বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগে। জুতা-কাপড় সব নষ্ট হয়ে যায়। অনেকে স্কুলেই যেতে পারে না। আবার অসুস্থ রোগী বা গর্ভবতী মাকে হাসপাতালে নিতে গেলেও এই রাস্তাই বড় বাধা। ভ্যান-অ্যাম্বুলেন্স কোনোটাই ঢুকতে চায় না।”
বৃদ্ধ ও পথচারীরাও একই কথা বলছেন। তারা জানান, বাজার-হাট, ব্যাংক এমনকি জরুরি প্রয়োজনে ইউনিয়ন পরিষদে যেতেও এখন দুর্ভোগের শেষ নেই।
স্থানীয়দের দাবি
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, অতি দ্রুত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি ইটের সোলিং অথবা পাকা করে চলাচলের উপযোগী করা হোক। এ বিষয়ে তারা বারবার ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়দের ভাষ্য আমরা ভোট দিই, ট্যাক্স দিই। অথচ একটা চলাচলের রাস্তা পাই না। নির্বাচনের সময় নেতারা প্রতিশ্রুতি দেন, কিন্তু কাজের বেলায় কেউ নেই।”
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন বাতাসপুর গ্রামের শতাধিক পরিবার। তারা দ্রুত রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ দাবি জানিয়েছেন।
রাজু আহমেদ স্টাফ রিপোর্টার রাজশাহী 



















