ভোলার মনপুরা উপজেলার ঈশ্বরগঞ্জ এলাকার ৬০ কলোনিতে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২০ জুলাই ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট মনপুরায় লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ এর নেতৃত্বে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, টানা কয়েক দিনের জোয়ারের পানিতে তাদের বসতঘর প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন। পানি বেড়ে গেলে ছোট ছোট সন্তানদের নিয়ে ঘরের চাল ও আড়ার ওপর আশ্রয় নিতে হয়। আবার পানি নেমে গেলে নিচে নেমে কোনোভাবে দিনযাপন করেন।
একাধিক বাসিন্দা বলেন, “জোয়ারের সময় আমরা দিশেহারা হয়ে পড়ি। অনেক সময় না খেয়ে থাকতে হয়। বাংলাদেশ কোস্ট গার্ড আমাদের পাশে দাঁড়িয়েছে। তাদের দেওয়া ত্রাণ পেয়ে আমরা খুবই আনন্দিত ও কৃতজ্ঞ।”
এ সময় এলাকাবাসী ৬০কলোনির সামনের নদীসংলগ্ন সড়কে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। তাদের ভাষ্য, বেড়িবাঁধের বাইরে হওয়ায় প্রায় প্রতিটি জোয়ারেই পুরো কলোনি প্লাবিত হয়। ফলে ঘরবাড়ি, জীবন-জীবিকা ও শিশুদের স্বাভাবিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের দাবি, দ্রুত নদীভাঙন ও জোয়ারের পানি প্রতিরোধে কার্যকর বেড়িবাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এতে তারা নিরাপদ পরিবেশে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।
এলাকাবাসীর আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
মো. আব্দুল গফুর সিকদারমনপুরা (ভোলা) প্রতিনিধি 



















