চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা আইডিয়াল ক্লাবের উদ্যোগে সাম্প্রতিক
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ‘ঘর পুনর্নির্মাণ সহায়তা প্রকল্প’ বাস্তবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) সকাল ১০টায়
জালিয়াঘাটা আল-আমানিয়া রহমানিয়া হাশেমিয়া কাদেরিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মাওলানা লোকমান হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাজী মাওলানা আইয়ুব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য নুরুন্নবী তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান, হাজী হাসান, সাগর, নাছির, মোঃ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে সকল মরহুমের মাগফিরাত কামনা এবং দেশ-বিদেশে অবস্থানরত সহযোগিতাকারীদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, চলতি বন্যার শুরুতেই জালিয়াঘাটা আইডিয়াল ক্লাবের উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় ৪০০ পরিবারের মাঝে রান্না করা বিরিয়ানি বিতরণ করা হয়। সংগঠনের ধারাবাহিক মানবিক কার্যক্রমে উপকৃত অসহায় পরিবারগুলো দেশ-বিদেশে অবস্থানরত সকল দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।
বাঁশখালী প্রতিনিধি মোঃ ফখরুল ইসলাম 



















