সিলেটের জৈন্তাপুর উপজেলায় বহুল প্রতীক্ষিত পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও একধাপ অগ্রগতি হয়েছে। স্থানীয় নির্ধারিত কয়েকটি এলাকাকে ‘শহর এলাকা’ ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
গত ১৪ জুলাই ২০২৬ তারিখে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।
এর আগে ৯ জুলাই ২০২৬ তারিখে জারি করা এস.আর.ও. নং-২৮১-আইন/২০২৬ অনুযায়ী, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ও ২ নং জৈন্তাপুর ইউনিয়নের মোট ১২টি মৌজাকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১ নং নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত মৌজাগুলো হলো— ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী। আর ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত মৌজাগুলো হলো— কেন্দ্রী হাওড়, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (৩) অনুযায়ী গেজেট প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চাইলে সরকারের কাছে লিখিতভাবে আপত্তি দাখিল করতে পারবে। আইন অনুযায়ী সরকার প্রাপ্ত আপত্তিগুলো তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে।জৈন্তাপুরে পৌরসভা প্রতিষ্ঠার দাবিটি দীর্ঘদিনের।
স্থানীয় বাসিন্দাদের মতে, গেজেট প্রকাশের মাধ্যমে সেই দাবির বাস্তবায়ন এখন অনেকটাই দৃশ্যমান হয়েছে।
সংশ্লিষ্টদের আশা, আপত্তি নিষ্পত্তি এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জৈন্তাপুর উপজেলায় নতুন পৌরসভা প্রতিষ্ঠার পথ পুরোপুরি সুগম হবে।
এদিকে, সম্ভাব্য পৌরসভা গঠনের এই উদ্যোগকে জৈন্তাপুরের পরিকল্পিত নগরায়ণ, আধুনিক নাগরিক সেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সচেতন মহল।
জৈন্তাপুর প্রতিনিধি:মুক্তাদির আল সেলিম 



















