নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিসানুর রহমান জিসান (৩৫) প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা সদর উপজেলার যদুনাথপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মাঠে অনুষ্ঠিত জানাজায় তিনি উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জিসানের বাবা টিপু মোল্যা (৫৮) বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় নড়াইল শহর থেকে বাড়ি ফেরার পথে সুম্ভডাঙ্গা এলাকায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবার মৃত্যুর পর পরিবারের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনে জিসানকে শুক্রবার দুপুরে প্রায় তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। সদর থানা পুলিশের পাহারায় তিনি বাবার জানাজা ও দাফনে অংশ নেন। দাফন শেষে পুনরায় তাকে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের অনুমতি নিয়ে পুলিশ পাহারায় জিসানকে জানাজা ও দাফনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। পরে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার সাবেক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানের দায়ের করা ভাঙচুর, সরকারি কাজে বাধা ও মারধরের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন মো. জিসানুর রহমান জিসান।
প্যারোলে মুক্তি পেলেন স্বেচ্ছাসেবক দল নেতা জিসান,
-
মোঃশহিদুল ইসলাম নড়াইল | - আপডেট সময় : ১০:০০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- 39
জনপ্রিয় সংবাদ




















