আসন্ন ১নং ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য মোঃ হারুন উর রশীদ। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে গণসংযোগ চালিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন তিনি।
গণসংযোগকালে তিনি এলাকার প্রবীণ, যুবক, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
মোঃ হারুন উর রশীদ বলেন, “মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি, জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। নির্বাচিত হলে সততা, জবাবদিহিতা ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব।”
গণসংযোগে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিকতা লক্ষ্য করা যায়। অনেকেই তার দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই মোঃ হারুন উর রশীদের গণসংযোগে জনসম্পৃক্ততা বাড়ছে। এলাকাজুড়ে নির্বাচনী আমেজের পাশাপাশি ভোটারদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
শাকিল আহম্মেদ, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ 



















