মাদকের বিস্তার রোধে চলমান অভিযানের অংশ হিসেবে যশোরের মণিরামপুর উপজেলার উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে মণিরামপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এসআই (নিঃ) মিলন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মোঃ সজল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি যশোর জেলার কোতয়ালী থানার রমনগর গ্রামের বজলুর রহমানের ছেলে।
মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও পুলিশ জানিয়েছে।
আবু রাসেল, স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলার সংবাদ 



















