দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের রনগাঁও (বাসুপাড়া) এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে অভিযান পরিচালনা করেন দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. তাহমুদার রহমানসহ সঙ্গীয় ফোর্স।এসময় রিপন হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন হোসেন উপজেলার রনগাঁও গ্রামের বাসিন্দা ও আব্দুস সোবহান এর ছেলে।
দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর সার্কেলের একটি রেইডিং টিম বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের রনগাঁও (বাসুপাড়া) এলাকায় রিপন হোসেনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার বসতবাড়ির শয়নকক্ষ তল্লাশি করে বক্স খাটের পাটাতনের নিচে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩ হাজার ৫০০টি Buprenorphine (কুপিজেসিক) ইনজেকশন এবং ২ হাজার ৫৫০টি স্ট্রিপে মোট ২৫ হাজার ৫০০টি Tapentadol ট্যাবলেট উদ্ধার করা হয়।
জব্দকৃত ইনজেকশনগুলোর পরিমাণ প্রায় ৭ লিটার এবং ট্যাবলেটগুলোর ওজন প্রায় ১০ কেজি ২০০ গ্রাম।
উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মোঃ মোকাদ্দেছ বাবু, দিনাজপুর (বিরামপুর) প্রতিনিধি 



















