বান্দরবানের লামা উপজেলায় সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বান্দরবান জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেল ৩ টায়,জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজার পক্ষ থেকে লামা উপজেলা পরিষদ চত্বরে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক টানা বর্ষণ, আকস্মিক বন্যা ও পাহাড়ধসে লামা পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। অনেক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গেছে খাদ্যসামগ্রী, নষ্ট হয়েছে ফসল ও গৃহস্থালি সামগ্রী। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে এই ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, লবণসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে এই সহায়তা প্রদান করা হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো রাজনীতির অন্যতম মানবিক দায়িত্ব। দুর্যোগের শুরু থেকেই বান্দরবান জেলা বিএনপি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজার পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে দল সবসময় আন্তরিক। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির অন্যতম অঙ্গীকার। যতদিন প্রয়োজন, ততদিন দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
ত্রাণ গ্রহণকারী কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানান, বন্যা ও পাহাড়ধসে তাদের পরিবার চরম সংকটে পড়েছে। অনেকেই ঘরবাড়ি ও জীবিকার উৎস হারিয়েছেন। এই ত্রাণসামগ্রী তাদের পরিবারের জন্য সাময়িক হলেও গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে লামা উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, ও বিপুলসংখ্যক ক্ষতিগ্রস্ত মানুষ উপস্থিত ছিলেন। সুশৃঙ্খল পরিবেশে পর্যায়ক্রমে দুই হাজার পরিবারের হাতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় সচেতন মহল এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি সহায়তার পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তোফাজ্জল হোসাইন,লামা (বান্দরবান) প্রতিনিধি 



















