যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে ১৬ জুলাই বৃহস্পতিবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এই দোয়া মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।দোয়া মাহফিলে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং উত্তরোত্তর সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম আকরামুজ্জামান এই বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
নজরুল ইসলাম যশোর
তারিখ ১৬/০৭/২৬
নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার: 



















