যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের জরাজীর্ণ অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের পেছনে চিকিৎসকদের বিশ্রামাগারের (রেস্ট রুম) ছাদের একটি অংশ হঠাৎ ধসে পড়ায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ছাদ ধসের সময় কক্ষে একজন চিকিৎসক অবস্থান করছিলেন। তবে সৌভাগ্যবশত তিনি অক্ষত থাকেন। এ ঘটনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি আরও বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ভবনে ফাটল, পলেস্তারা খসে পড়াসহ নানা সমস্যা থাকলেও স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা দিতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের, আর সেবা নিতে আসা রোগীরাও রয়েছেন অনিশ্চয়তার মধ্যে।
সচেতন মহলের দাবি, ভবনের ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত প্রকৌশলগতভাবে পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কার ও মেরামতের কাজ শুরু করা হোক। একই সঙ্গে হাসপাতালের সার্বিক অবকাঠামো সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আবু রাসেল যশোর প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ 



















