মৌলভীবাজার জেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, মৌলভীবাজার জেলা শাখা। সংগঠনটির উদ্যোগে বুধবার (১৫ জুলাই ২০২৬) দুপুর ১২টায় রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের হরিপাশা গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, বাঁধ নির্মাণ ও সংস্কারকাজে অনিয়ম, অব্যবস্থাপনা এবং দীর্ঘসূত্রতার কারণে আকস্মিক বন্যায় রাজনগর উপজেলার টেংরা ও মনসুনগর ইউনিয়নসহ বিস্তীর্ণ জনপদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে জেলার সদর, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকাও বন্যার পানিতে প্লাবিত হয়ে হাজারো মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্ত মানুষের এই দুর্দশা লাঘবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নিজস্ব উদ্যোগে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করে।
ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় হরিপাশা, কান্দিরকুলসহ আশপাশের বিভিন্ন গ্রামের বন্যাকবলিত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বাসদ নেতা উজ্জ্বল রায়, বাসদ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সদস্য সচিব মুজাহিদ আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, শহর শাখার আহ্বায়ক বিজয় দাস, সংগঠক সুরাইয়া হক, পূজা দেব, সবুজ শর্মা, শাহ আলম অভি, তৃষা দেবনাথ, সোহেলি, নাজিম, রাজনগর উপজেলা সংগঠক টুটুলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বন্যা পরিস্থিতির শুরু থেকেই মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সহযোগিতায় ত্রাণ তহবিল গঠন ও অর্থ সংগ্রহ করা হয়। পরে সেই তহবিলে সংগৃহীত অর্থ দিয়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় উপকরণ ক্রয় করে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সময়ক্ষেপণ, দুর্নীতি এবং জবাবদিহিতার অভাবের কারণেই প্রতিবছর বন্যা এ অঞ্চলের মানুষের জন্য চরম দুর্ভোগ ডেকে আনে। বিশেষ করে বাঁধ নির্মাণ ও সংস্কারকাজে অনিয়ম ও দুর্নীতির ফলে সাধারণ মানুষকে বারবার ক্ষয়ক্ষতির শিকার হতে হচ্ছে। তারা এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি নদী ও বাঁধ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সংশ্লিষ্টদের দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। অন্যথায় প্রতিবছরই একই ধরনের মানবিক বিপর্যয়ের পুনরাবৃত্তি ঘটবে।
ত্রাণ সহায়তা গ্রহণকারী পরিবারগুলো সংগঠনের এ মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মতো সংগঠনের পাশে দাঁড়ানো ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আশার সঞ্চার করেছে। একই সঙ্গে তারা সকল মানবিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবান মানুষের প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মানুষ মানুষের জন্য—বন্যার্তদের মুখে হাসি ফোটাতে রাজনগরে ছাত্র ফ্রন্টের ত্রাণ সহায়তা
-
মোঃ জুনাইদ মিয়া প্রতিনিধি মৌলভীবাজার (সদর - আপডেট সময় : ০৮:০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- 88
জনপ্রিয় সংবাদ




















