কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের সাতানী গ্রামের বাসিন্দা ও পেশায় রিকশাচালক নুমুজ আলী হত্যাকাণ্ডের বিচার এবং মামলার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে সাতানী গ্রামে নিহত নুমুজ আলীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে তার পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের পরিবারের সদস্য ও মামলার বাদী ঋতু আক্তার ও নিহতের স্ত্রী সোমা আক্তার। ঋতু আক্তার বলেন, নুমুজ আলী একজন নিরীহ ও পরিশ্রমী রিকশাচালক ছিলেন। পরিবারের জীবিকা নির্বাহের জন্য তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন। কিন্তু ঋষিপাড়া এলাকার কিছু সন্ত্রাসী ও দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে তাকে নির্মমভাবে হত্যা করেছে বলে তাদের অভিযোগ। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পরিবারের অভিযোগ, ঘটনার পর বেশ কিছু সময় অতিবাহিত হলেও তারা এখনো কাঙ্ক্ষিত বিচার পাননি। তারা আরও দাবি করেন, মামলার এফআইআরে অন্তর্ভুক্ত সকল আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার লক্ষ্যে একটি গভীর ষড়যন্ত্র চলছে। এ ধরনের কোনো উদ্যোগ বন্ধ করে মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে এফআইআরে নাম থাকা সকল অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে নিহতের স্বজনরা বলেন, “আমরা আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়েছি। আমরা আর কিছু চাই না, শুধু হত্যার সুষ্ঠু বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।”
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হত্যাকাণ্ডে জড়িত সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইন অনুযায়ী বিচার সম্পন্ন করতে হবে। পাশাপাশি মামলার তদন্তে কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপ যেন না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় উপস্থিত এলাকাবাসীও নিহতের পরিবারের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে সাধারণ মানুষের আইন ও বিচারব্যবস্থার প্রতি আস্থা ক্ষুণ্ন হবে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ
করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনের শেষে নিহতের পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।




















