প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর উপজেলার শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
বুধবার (১৫ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর-উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর উপজেলা শাখার সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, বিরামপুর পৌর শাখার সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাঁঠাল, আম, নিমসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অতিথিরা নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার পাশাপাশি প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানান।
বক্তারা বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
এছাড়া অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত চারজন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অতিথিরা তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহ প্রদান করেন।
মোঃ মোকাদ্দেছ বাবু, দিনাজপুর (বিরামপুর) প্রতিনিধি 



















