যশোরের ঝিকরগাছা উপজেলার ৯ নম্বর হাজিরবাগ ইউনিয়নের মুকুন্দপুর বাজারে এক রাতে চারটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় নগদ অর্থ, সিগারেট ও মোবাইল রিচার্জ কার্ডসহ কয়েক লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা বাজারের চারটি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলিমুলের মুদিখানার দোকান থেকে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা এবং কয়েক প্যাকেট সিগারেট চুরি হয়েছে বলে জানা গেছে। এছাড়া খালেদুর রহমান (তুতা)-এর বিকাশ লোডের দোকান থেকে কিছু মোবাইল রিচার্জ কার্ড, মিন্টুর দোকান থেকে রিচার্জ কার্ড এবং পাশের আরেকটি মুদিখানার দোকান থেকে কিছু নগদ অর্থ চুরি হয়েছে।
ঘটনার পর মুকুন্দপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বেড়ে গেলেও অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা মুকুন্দপুর বাজারসহ আশপাশের এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদার এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
খবর লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে অপরাধীরা আইনের আওতায় আসবে এবং বাজারের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে।
আবু রাসেল যশোর প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ 



















