মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে যশোরের চৌগাছা উপজেলায় ৭০ বোতল অবৈধ এসকাফ (ESkuf) সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাইসাইকেলও জব্দ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা ৩৫ মিনিটে চৌগাছা থানার এএসআই (নিঃ) মো. মোফাজ্জেল হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার বড় খানপুর গ্রামের গাজীর বটতলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বড় খানপুরে মো. জয়নাল ইসলামের মুদি দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে মো. ইন্তাদুল ইসলাম (৪৫)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির হেফাজত তল্লাশি করে ৭০ বোতল অবৈধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাইসাইকেল জব্দ করা হয়।
আটক মো. ইন্তাদুল ইসলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. নেবুর আলী (ওরফে লেবুর আলী)।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত বাইসাইকেল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবু রাসেল যশোর প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ 



















