শ্রীমঙ্গল উপজেলার ৪ নং সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগরে চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান, তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে এমন অপরাধ আরও বাড়তে পারে।
বক্তারা আরও বলেন, শিশু নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, ন্যায়বিচার নিশ্চিতের পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
প্রতিবাদ কর্মসূচিতে নারী-পুরুষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলের মাধ্যমে দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি পুনর্ব্যক্ত করা হয়।
কাওছার আহমদ সবুজ শ্রীমঙ্গল প্রতিনিধি 



















