কক্সবাজারের টেকনাফে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)। বিজিবির মানবিক সহায়তার অংশ হিসেবে টেকনাফের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় শুকনা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) টেকনাফ ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় স্থানীয় বিজিবি ক্যাম্প প্রাঙ্গণ ও দুর্গত এলাকাগুলোতে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজিবি কর্মকর্তারা জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে টেকনাফের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় বহু মানুষ পানিবন্দি ও খাদ্য সংকটে পড়েছেন। এই কঠিন সময়ে সীমান্ত সুরক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে ৬৪ বিজিবি। ত্রাণ বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি এবং বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে বিজিবির পক্ষ থেকে বলা হয়:
”বন্যা ও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়ানো বিজিবির একটি নিয়মিত দায়িত্ব। সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ মানুষের যেকোনো বিপদে ৬৪ বিজিবি সর্বদা সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
ত্রাণ পেয়ে স্থানীয় বন্যা দুর্গত সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, আকস্মিক বন্যায় ঘরবাড়ি তলিয়ে যাওয়ার পর তীব্র খাদ্য সংকটে পড়েছিলেন তারা, এই সংকটের মুহূর্তে বিজিবির দ্রুত ত্রাণ সহায়তা তাদের বড় স্বস্তি দিয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু ত্রাণ সামগ্রী বিতরণই নয়, বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতেও তাদের মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন 



















