যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ জুলাই) দুপুরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বড়আচড়া গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির সিজার মূল্য প্রায় ১ লাখ ১০ হাজার ২০০ টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত বেনাপোল পোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদারভাবে পরিচালনা করা হবে বলে তিনি জানান।
আবু রাসেল স্টাফ রিপোর্টার, যশোর প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ 



















